দ্বিতীয় দফার ইউপি নির্বাচনের ভোট চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে এ পর্যন্ত শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়াও আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন উভয়পক্ষের শতাধিক কর্মী-সমর্থকরা।
দ্বিতীয় দফায় আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে দেশের ৬৩৯ টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ চলছে। সকালে কিছুটা সহিংসতার মাত্রা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে তা বাড়তে শুরু করেছে। বেলা সাড়ে ১২টা পর্যন্ত নির্বাচনী সহিংসতা ঢাকার কেরাণীগঞ্জে এক শিশুসহ মোট তিনজন নিহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জে এক কেন্দ্রের বাইরে দুই পক্ষের গোলাগুলির মধ্যে এক শিশুর (১০) মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
যশোর অফিস জানিয়েছে, বেলা ১১টার দিকে যশোরের সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ভাতুরিয়া সরকারি প্রাথমিক কেন্দ্রে গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ও ১০ থেকে ১৫টি গুলিবর্ষণের ঘটনা ঘটে।