ব্যালটে সিল মারার সময় প্রিজাইডিং অফিসার ও এজেন্ট আটক, ভোট স্থগিত

যশোরে একটি ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার ও এক প্রার্থীর পোলিং এজেন্ট আটক হয়েছেন। একই সঙ্গে অনিয়ম হওয়া কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে। যশোর সদরের চুড়ামনকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এরা হলেন, যশোর পুলিশ লাইন স্কুলের সহকারী প্রিজাইডিং অফিসার শেখ আব্দুল্লাহ বিন আকবর এবং শুকুর আলী নামে এক মেম্বার প্রার্থীর পোলিং এজেন্ট মঈদুল ইসলাম।
 
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গোলাম শাহারিয়ার জানান, সকাল সাড়ে নয়টার দিকে চুড়ামনকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপারে সিল মারার খবর পেয়ে থানা পুলিশ ম্যাজিস্ট্রেট আব্দুস সালামের নেতৃত্বে সেখানে উপস্থিত হন। অভিযুক্তরা নৌকা ও মেম্বার প্রার্থী টিউবওয়েল প্রতীকের ব্যালটে সিল মারছিলেন। এ সময় সহকারী প্রিজাইডিং অফিসার শেখ আব্দুল্লাহ বিন আকবর ও মেম্বার প্রার্থীর পোলিং এজেন্ট মঈদুল ইসলামকে আটক করে পুলিশ। এ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।
 
মোবাইল স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বরত শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।