রাষ্ট্রপতির সঙ্গে আপিল বিভাগের নতুন বিচারপতিদের সাক্ষাৎ

 
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. নিজামুল হক। বৃহস্পতিবার বিকালে দুই বিচারপতি বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
 
তিনি সাংবাদিকদের বলেন, 'সাক্ষাতের সময় দুই বিচারপতি বিচার বিভাগীয় অবকাঠামো, বিচারকদের নিরাপত্তা ও যানবাহন সুবিধাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বলেন, বিচারকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে মামলা নিস্পত্তির হার বৃদ্ধি পাবে। তারা এসব বিষয়ে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।'
 
প্রেস সচিব বলেন, 'রাষ্ট্রপতি দুই বিচারপতিকে অভিনন্দন জানান। তিনি আশা করেন, তাদের এই নিয়োগের ফলে উচ্চ আদালতে মামলা নিষ্পত্তি উল্লেখযোগ্যহারে বাড়বে।'
রাষ্ট্রপতি এ সময় তৃণমূল পর্যায়ে 'লিগ্যাল এইড' কার্যক্রম সম্প্রসারণে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। গত ফেব্রুয়ারি মাসে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. নিজামুল হকের সঙ্গে বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানও আপিল বিভাগে নিয়োগ পান।