লবণ উৎপাদনে চাষিদের সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার সচিবালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজারের জেলা প্রশাসককে এ নির্দেশ দেন তিনি। এর মাধ্যমে ভিডিও কনফারেন্স সিসটেমের উদ্বোধন করেন মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের চাহিদা মোতাবেক লবণের উৎপাদন করতে হবে। এ জন্য লবণচাষীদের প্রয়োজনীয় সহযোগিতা ও উৎসাহ প্রদান করতে হবে। সরকার লবণচাষীদের উৎসাহিত করতে বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ রেখেছে বলে জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী কক্সবাজার জেলার জেলা প্রশাসকের উদ্দেশে বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য এবং সরবরাহ যাতে স্বাভাবিক থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সকল পণ্য যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং কোন পণ্যের যেন কৃত্তিম সংকট সৃষ্টি করা না হয়, এ বিষয়ে সজাগ থাকতে হবে। বাজার মনিটরিংসহ প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব মো. শওকত আলী ওয়ারেছি, অতিরিক্ত সচিব (রপ্তানি) জহির উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব (এফটিএ) মনোজ কুমার রায়, অতিরিক্ত সচিব (মহাপরিচালক, ডব্লিউটিও সেল) শুভাশিষ বোস, বাংলাদেশ টেরিফ কমিশনের চেয়ারম্যান মুসফিকা ইকফাত, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান বেগম মাফরুহা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।