দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘণের অভিযোগ এনে রুল জারি করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। এতে বলা হয় রাষ্ট্রীয় অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহারের মাধ্যমে তিনি সংধিধানকে হেয় করেছেন।
নির্দিষ্ট সময়ে সে অর্থ ফিরিয়ে দেয়ার কথা থাকলেও তা তিনি পরিশোধে ব্যর্থ হন। এর মাধ্যমে তিনি প্রজাতন্ত্রকে খাটো করেছেন বলে জানানো হয়।
আদালতের এ সিদ্ধান্তকে বিজয় বলে মনে করছে বিরোধী দল। তারা জানান, আদালতের এই পদক্ষেপের কারণে জ্যাকব জুমার বিরুদ্ধে অভিশংসনের পথ সুগম হলো। তার বিরুদ্ধে অভিযোগ তিনি অসৎ উপায়ে প্রাপ্ত অর্থের মাধ্যমে নিজ বাড়ির সুইমিং পুল ও অ্যামিথিয়েটারের উন্নয়ন কাজ করেছেন।
যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন জুমা। ‘পাবলিক প্রটেক্টর’ নামে দুর্নীতি বিরোধী একটি সংস্থা ২০১৪ সালে রুল জারি করে যে সম্পূর্ণ অনৈতিকভাবে রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের মাধ্যমে জ্যাকব জুমা তার গ্রামের বাড়ি এনকান্ডালার উন্নয়ন সাধন করেন।
সাংবিধানিক আদালতের সর্বসম্মত রায়ে বলা হয়, ব্যয়কৃত অর্থ ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছেন তিনি। এই অর্থের পরিমাণ ছিল ২ কোটি ৩০ লাখ ডলার। এর মাধ্যমে তিনি সংবিধানকে লঙ্ঘণ করেছেন। সেইসঙ্গে দেশের সম্মান ও মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন তিনি।