জামিন পেলেন ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি

চেক প্রতারণার মামলায় কারাগারে যাওয়ার দুই দিন পর জামিন  পেয়েছেন নারায়ণগঞ্জের সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি।
 
হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে (লিভ টু আপিল) রাব্বির করা আবেদনে জামিনের বিষয়ে শুনানি নিয়ে বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার এ আদেশ দেন। আগামী বছরের ৫ জানুয়ারি পর্যন্ত রাব্বি জামিন পেয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী খুরশীদ আলম খান। ওইদিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে তার লিভ টু আপিল শুনানির জন্য দিন রাখা হয়েছে।
 
গত ২৯ মার্চ আত্মসমর্পণের পর রফিউর রাব্বিকে কারাগারে পাঠানোর আদেশ দেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক মিয়াজী শহিদুল আলম চৌধুরী। জালাল উদ্দিন আহম্মেদ নামে এক ব্যবসায়ী ২০১২ সালে রাব্বির বিরুদ্ধে ৭০ লাখ টাকার চেক জালিয়াতির মামলা করেন। এ মামলায় ২০১৪ সালে তাকে এক বছরের কারাদণ্ড ও দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করে আদালত। ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করে হেরে যান রাব্বি। এরপর তার বিরুদ্ধে  গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ২৯ মার্চ নারায়গঞ্জের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। হাই কোর্টের রায়ের বিরুদ্ধে পরদিন লিভ টু আপিল করেন রাব্বি,  যেখানে তার জামিনের আরজিও জানানো হয়।
 
আদালতে রাব্বির পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান। বাদীপক্ষে ছিলেন আইনজীবী রবিউল আলম বুদু।