'দুর্ঘটনা রোধে গাড়ি চালক ও মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে'

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, 'সড়ক দুর্ঘটনা রোধে অচিরেই গাড়ি চালক ও মালিকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হচ্ছে।'
 
আগামী সংসদ অধিবেশনে সরকার এই সংক্রান্ত একটি আইন করতে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, 'সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে আইনটি তৈরি করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে।'
 
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, বসুন্ধরা সিটিতে সেমস গ্লোবাল আয়োজিত ১১তম ঢাকা মোটর শো-২০১৬, দ্বিতীয় ঢাকা বাইক শো-২০১৬ এবং ঢাকা অটোপার্টস শো-২০১৬ এর তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
এতে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই এর প্রথম সহ-সভাপতি মো: সাইফুল ইসলাম মহিউদ্দীন। আরো বক্তৃতা করেন ঢাকা চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন রশিদ, মারকো শিপিং কোম্পানী (বাংলাদেশ) লিমিটেডের ডেপুটি ম্যানেজার ডিরেক্টর লেফটেন্যান্ট কর্ণেল (অব) রাজিবুল ইসলাম, র‌্যানকোন মোটর লিমিটেডের চীফ এক্সিকিউটিভ ডিরেক্টর শাওন হাকিম প্রমুখ।
 
মন্ত্রী ওবায়দুল কাদের মোটরসাইকেল চালানোর সময় আরোহীদের মাথায় হেলমেট ব্যবহারের পরামর্শ দিয়ে বলেন, 'ঢাকা সিটিতে মোটরসাইকেল আরোহীদের কিছু সংখ্যক মাথায় হেলমেট ব্যবহার করেন, কিন্তু ঢাকার বাইরের আরোহী বা যাত্রীরা সেটিও করেন না।'
 
গাড়ি ব্যবসায়ীদের ভালমানের গাড়ি আনার আহবান জানিয়ে কাদের বলেন, 'আপনারা ভালমানের গাড়ি আনলে রাস্তা থেকে আনফিট গাড়িগুলো উঠিয়ে দেয়া হবে।' রাজধানীতে সিটিং সার্ভিস পরিবহনের নামে চিটিং সার্ভিস চলছে উল্লেখ করে তিনি আরো বলেন, 'এই বিষয়ে নজর দিতে হবে। এই ক্ষেত্রে সকলের সহযোগিতা দরকার। তিনি চিটিং সার্ভিসের দৌরাত্ম কমানোর জন্য দেশে বড় বড় গাড়ির ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন। তিনি এও বলেন, 'তবে ছোট গাড়িগুলোও থাকবে।'