সম্প্রতি আইফোন এসই নামের নতুন আইফোন বাজারে এনেছে অ্যাপল। ‘এসই’ মানে হলো ‘স্পেশাল এডিশন’। আইফোনের নতুন এই সংস্করণটি দেখতে অনেকটা আইফোন ৫এস-এর অবিকল। ডিজাইনের দিক থেকে দুটি সংস্করণই প্রায় একই রকম দেখতে।
আইফোনের নতুন এই সংস্করণে থাকছে মাত্র ৪ ইঞ্চি ডিসপ্লে। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যাপল এ৯ চিপসেট। ১.৮৪ গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসর ও ২ গিগাবাইট র্যামের স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে ১৬ গিগাবাইট ও ৬৪ গিগাবাইট স্টোরেজ ক্যাপাসিটির ভিন্ন দুটি ভ্যারিয়েন্টে। এতে থাকছে ১.২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এর পাশাপাশি আইফোনের অন্যান্য প্রচলিত ফিচারগুলো তো থাকছেই।
সম্পূর্ণ মেটালিক বডির স্মার্টফোনটিতে রয়েছে এনএফসি চিপ যা অ্যাপল পে ব্যবহারের জন্য প্রয়োজন হবে। আইফোন এসই’তে থাকছে ১৬৪২ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
নতুন আইফোন নিয়ে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেন, ‘বর্তমানে মোট আইফোন ব্যবহারকারীর মধ্যে প্রায় ৬০ শতাংশই ছোট পর্দার সংস্করণগুলো ব্যবহার করছেন যারা এখনও আইফোন ৬ কিংবা এর পরের সংস্করণগুলো ব্যবহার শুরু করেননি।’ ফলে নতুন এই সংস্করণটির বেশ ভালো সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন তিনি।
নতুন আইফোনের জন্য ইতোমধ্যেই অগ্রিম বুকিং নিতে শুরু করেছে অ্যাপল। এর ১৬ জিবি সংস্করণের মূল্য ৩৯৯ ডলার এবং ৬৪ জিবি সংস্করণের মূল্য ৪৯৯ ডলার।
২৪ মার্চ থেকে স্মার্টফোনটির জন্য অগ্রিম বুকিং নিতে শুরু করেছে অ্যাপল। শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, কানাডা, চীন, ফ্রান্সসহ ১৩টি দেশের ক্রেতাদের কাছ থেকে অগ্রিম বুকিং নিচ্ছে অ্যাপল। পরবর্তীতে আরও ৪৭টি দেশে আইফোন এসই বিক্রির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।