ভারতকে হারিয়ে চলতি টি-২০ বিশ্বকাপের ফাইনালে চলে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের দেওয়া ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই গেইলের উইকেট হারালেও শেষ পর্যন্ত দুই বল হাতে রেখে সহজ জয় তুলে নেয় ড্যারেন স্যামির দল।
ইনিংসের শুরুতেই ক্রিস গেইল এবং স্যামুয়েলসকে আউট করে ভারতের শুরুটা ভালই করেছিলেন বুমরাহ এবং নেহরা। কিন্তু মাঝের ওভারে যেন পথ হারিয়ে ফেলে মহেন্দ্র সিং ধোনির দল। সুযোগ তৈরি হলেও কাজে লাগাতে পারেনি তারা। আর ম্যাচ শেষে এমন পরাজয়ের কারণ হিসেবে উদ্ভট ব্যাখ্যা দিলেন ভারত অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।
তিনি জানালেন, দুটো ‘নো’ বলই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। হারের অন্যতম কারণ ওই দুটি নো বল!
ধোনি বললেন, ‘আমরা শুরু থেকেই বেশ ভাল করেছি। কিন্তু যখন দলের উইকেটের প্রয়োজন ছিল তখন আমরা এই দুটি নো বল করে উইকেট তুলে নিতে পারিনি। নো বলের পরে ফ্রি হিট থাকে সেটিতে বেশ ভালই রান করেছে সিমন্স। ফলে ম্যাচটা আমরা ওখানেই হেরে গিয়েছি।’
তিনি আরও বললেন, ‘প্রত্যেক বোলার দায়িত্ব নিয়ে বল করেছে। একটা সময় ম্যাচটা আমরা ধরেও ফেরেছিলাম। কিন্তু ওই দুটি নো বল না হলে ফলাফল অন্যরকমও হতে পারত।’