তিন মাসে শিশু হত্যা দেড় শতাধিক

চলতি বছরের প্রথম তিন মাসে দেশে ১ হাজার ১৭৩টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে আইন ও সালিশ কেন্দ্র প্রতিবেদন প্রকাশ করেছে। 
 
আইন ও সালিশ কেন্দ্রের তথ্য সংগ্রহ ইউনিট থেকে প্রকাশিত এই প্রতিবেদনে আরও দেখা যায়, গত তিন মাসে দেশে ৩৭০ জন শিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয় এবং ১৫২ জন শিশুকে হত্যা করা হয়। এই প্রতিবেদনে আরও বলা হয়, উক্ত সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজত ও ‘ক্রসফায়ারে’ মৃত্যু হয় ৩২ জনের । যার মধ্যে র্যাবের ‘ক্রসফায়ারে’ ১৫ জন, পুলিশের ৮ জন ও ডিবি পুলিশের ‘ক্রসফায়ারে’ ৪ জন মারা যান।
 
উক্ত সময়ে ২৮০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে এবং এর ফলে মারা যান ৩৫ জন ও আহত হন ৩ হাজার ৮৭৮ জন। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৩৩ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নির্যাতন ও হয়রানির শিকার হন। উক্ত সময়ে সীমান্ত সংঘাতে ৪ জন হত্যা, ৮ জন আহত ও ১৩ জন অপহরণের শিকার হন। উক্ত সময়ে কারা হেফাজতে মৃত্যুবরণ করেন ১৯ জন। তাদের মধ্যে কয়েদি ৭ জন ও হাজতি ১২ জন। প্রতিবেদন মতে উক্ত সময়ে গণপিটুনির শিকার হয়ে মারা যান ১৪ জন। এ সময় ১০ নারী এসিড সন্ত্রাসের শিকার হন। যৌন হয়রানির শিকার হয়ে ১ জন নারী আত্মহত্যা করতে বাধ্য হন। 
 
প্রতিবেদন অনুযায়ী যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে ১ জন নারী ও ১ জন পুরুষ নিহত হন এবং ৩৬ জন নারী পুরুষ লাঞ্ছনার শিকার হন। এ সময় সালিশ ও ফতোয়ার শিকার হন ২ জন নারী। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হন ৬৬ জন নারী। তাদের মধ্যে হত্যা করা হয় ৩৪ জনকে। প্রতিবেদন মতে উক্ত সময়ে পারিবারিক নির্যাতনের শিকার হন ১০৩ জন নারী। তাদের মধ্যে হত্যা করা হয় ৬৯ জনকে আর আত্মহত্যা করতে বাধ্য হন ১০ জন। বছরের প্রথম তিন মাসে ধর্ষণের শিকার হন ২৪৬ জন নারী। ধর্ষণের পর হত্যা করা হয় ১০ জনকে এবং ধর্ষণের পর আত্মহত্যা করেন ২ জন।
 
আইন ও সালিশ কেন্দ্র জানায় বিভিন্ন জাতীয় দৈনিক এবং নিজস্ব সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।