বিতর্কিত টুইটের ক্ষমা চাইলেন মুশফিক

বিতর্কিত ‍টুইট করে সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশে ক্রিকেট দলের উইকেট কিপার মুশফিকুর রহিম। এজন্য সবার কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। রাতেই টুইটগুলো মুছে ফেলে দুঃখপ্রকাশ করেন মুশফিক। পরে লিখেছেন, ‘আপনাদের সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। আমি আসলে ওয়েস্ট ইন্ডিজের অনেক বড় সমর্থক। কিন্তু আবারো দুঃখ প্রকাশ করছি কিছু রূঢ় শব্দ ব্যবহারের জন্য।’
 
 
ভারত সেমিফাইনাল হারায় আনন্দে ভাসছে পুরো বাংলাদেশ। তবে এই আনন্দের জোয়ারে এক টুইট করে বিপাকে পড়ে যান মুশফিক। ম্যাচ শেষ হওয়ার পরে তিনি লেখেন, ‘খুশির ব্যাপার হচ্ছে, এখন আমার অনেক ভালো ঘুম হবে। উইন্ডিজ, তুমি সত্যিই অসাধারণ।’
 
সাথে সাথে শুরু হয় বিতর্কের ঝড়।  ভারতীয় সমর্থকদের মধ্যে এবং দেশটির মিডিয়াতে শুরু হয় তোলপাড় । এর মঝেই আরো একটি টুইট করেন। তাতে লেখেন, ‘সুখের বিষয় হচ্ছে.. হা হা হা!!! ভারত সেমি-ফাইনালে হেরে গেছে।’
 
 
কিছুক্ষণের মধ্যে ভারতের বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যমও এই টুইট নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। ওয়ান ইন্ডিয়ার শিরোনাম, মুশফিকুর রহিম বলছেন, সেমি ফাইনালে ভারতের হার তার জন্য খুশির কারণ। ডিএনএ ইন্ডিয়া বলছে, ভারতের হারে আনন্দ প্রকাশ করে ব্যাপক সমালোচনার মুখে বাংলাদেশের উইকেট রক্ষক মুশফিকুর রহিম।
 
 
হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস ও স্পোর্টক্রীড়ার শিরোনামও একইরকম ছিল। পরে অবশ্য আরেকটি টুইট করে ক্ষমা চান মুশফিক। সেই শিরোনাম ধরেও সংবাদ প্রতিবেদন করেছে ভারতীয় মিডিয়া।