সব নাটকের অবসান ঘটিয়ে অবশেষে স্বাধীনতা কাপ খেলতে নামছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।টুর্নামেন্ট শুরু হওয়ার দুই ঘণ্টা আগে বাফুফে লিগ কমিটির জরুরি সভায় স্বাধীনতা কাপে অন্তর্ভূক্ত করা হয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়নতে শেখ জামালকে ।
স্বাধীনতা কাপে খেলার আগ্রহ প্রকাশ করে শেখ জামাল বাফুফেকে গত পরশু একটি চিঠি দেয়। ওই চিঠিতে তারা দাবি করেছিল, ৮ খেলোয়াড়কে ফেরত দিলে শেখ জামাল স্বাধীনতা কাপে খেলবে। তবে শেষ পর্যন্ত ওই শর্ত থেকে সরে এসেছে ধানমণ্ডির ক্লাবটি। কোনও শর্ত ছাড়াই খেলতে রাজি হওয়ায় শেখ জামালকে 'এ' গ্রুপে অন্তর্ভূক্ত করা হয়েছে।
শেখ জামাল জানিয়েছে, আদালতে বিচারাধীন আট খেলোয়াড়ের বিষয়টি নিষ্পত্তি হওয়া পর্যন্ত তাদের ফেরত চাইবে না। এরপরই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় শেখ জামাল স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে খেলবে।
বাফুফে পেশাদার লিগ কমিটির চেয়ারাম্যান আবদুস সালাম মুর্শেদী বলেন,‘ আমরা সবাইকে নিয়ে খেলা আয়োজনে আগ্রহী ছিলাম। শেখ জামাল ক্লাবের বিষয়টি সভায় নিষ্পত্তি হয়েছে। আদালতে বিচারাধীন আট খেলোয়াড়কে ছাড়াই খেলতে রাজি হয়েছে তারা। তাই শেখ জামালকে টুর্নামেন্টে অন্তর্ভূক্ত করায় আর কোনও সমস্যা দেখছি না।'