ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের গ্র্যান্ট এলিয়ট। সেমি-ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিউজিল্যান্ডের বিদায়ের দুই দিন পর এই ঘোষণা দেন এলিয়ট।
তবে টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে কোনো সিদ্ধান্ত জানাননি ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার। নিউজহাবকে এলিয়ট বলেন, ‘আমি আমার শেষ ওয়ানডে ম্যাচ খেলে ফেলেছি। তবে ক্রিকেটে ফরম্যাট তিনটি।’
এলিয়ট জানান, যত দিন ক্রিকেট উপভোগ করবেন তত দিন খেলা চালিয়ে যাবেন তিনি। ওয়ানডেতে এলিয়টের সেরা সময় কাটে এই সংস্করণে খেলা তার শেষ বছরে। ২০১৩ সালের নভেম্বরের পর ওয়ানডে খেলেননি তিনি, তাই ২০১৫ বিশ্বকাপের দলে তার থাকাটা বিস্ময় হয়েই আসে।
নিউ জিল্যান্ডের হয়ে ৮৩ ওয়ানডেতে দুটি শতক, ১১ অর্ধশতকসহ ১ হাজার ৯৭৬ রান করেন এলিয়ট।