কলকাতায় নির্মাণাধীন ফ্লাইওভার ধসের ঘটনায় জীবিতদের উদ্ধারে জরুরি বিভাগের কর্মীরা বিরামহীন তত্পরতা চালাচ্ছে। সেখানে ধ্বংসস্তুপের ভিতরে এখনো আরো অনেক লোক চাপা পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, উদ্ধার কাজে আরো সময় লাগবে। আর যতক্ষণ না তা শেষ হচ্ছে, ততক্ষণ কাটবে না আতঙ্কের প্রহর। ঘটনাস্থলে পুলিশ, দমকলকর্মী, এনডিআরএফ এবং সেনা জওয়ানরা রয়েছে। গতকাল সকালে আরও ২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানা যায় মৃত এক মহিলার নাম শাবানা বানু। তিনি কলুটোলার বাসিন্দা। ফ্লাইওভারের সিমেন্টের প্যানেল ভেঙে সরানোর জন্য দু’টি বুলডোজার আনা হয়েছে।
বিপর্যয় মোকাবিলা দফতরের ডিজি, এস এস গুলেরিয়া সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, ‘‘বিশেষজ্ঞ দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। ব্রিজের বাকি অংশ যাতে ভেঙ্গে না পড়ে তার জন্য প্রয়োজন হাইড্রোলিক জেটের।
এদিকে এ ঘটনায় নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে পুলিশ হত্যা মামলা দায়ের করেছে। মামলার পর নির্মাণ সংস্থার কয়েকজন কর্মকর্তা ও কর্মচারিকে গ্রেফতার করা হয়।