দিনাজপুরের খানসামায় জমি নিয়ে বিরোধে দুইপক্ষের সংঘর্ষে শরিফুল ইসলাম (৪০) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮জন। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের দাসপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ।
নিহত শরিফুল ইসলাম উপজেলার দাসপাড়া গ্রামের হাবিল উদ্দিনের ছেলে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দাসপাড়ার শওকত হোসেনের সঙ্গে প্রতিবেশী শফিকুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে জমি দখলকে কেন্দ্র করে উভর পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই শরিফুল ইসলাম মারা যান।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।