সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, হাতবোমা উদ্ধার

 
সাতক্ষীরা শহরের আনন্দপাড়ায় সুকুমার অধিকারী নামের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি হাতবোমা উদ্ধার করেছে।
 
সুকুমার অধিকারী জানান, রাত ২টার দিকে ডাকাতরা জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে তাকে বেঁধে ফেলে। পরে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমিরা ভেঙে আট ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১০ হাজার টাকা লুট করে চলে যায় ডাকাতরা।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, ঘটনাস্থল থেকে হাতবোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।