সাতক্ষীরা শহরে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল আট ভরি স্বর্ণালংকারসহ নগদ ১০ হাজার লুট করে নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি হাতবোমা উদ্ধার করেছে।
শুক্রবার দিনগত রাত দুইটার দিকে শহরের কাটিয়া আনন্দপাড়ার মৃত দুলাল অধিকারীর ছেলে কম্পিউটার ব্যবসায়ী সুকুমার অধিকারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী সুকুমার অধিকারী জানান, একদল ডাকাত রাত দুইটার দিকে জানালার গ্রিল কেটে ও দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে। এরপর তারা তাকে বেঁধে ফেলে। এতে তার মা শেফালি অধিকারী বাধা দিলে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করা হয়। পরে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারি ভেঙে আট ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতদল।
সাতক্ষীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে বোমার মত দেখতে একটি বস্তু উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।