লাখ খানেক ল্যাপটপের ব্যাটারি ফেরত নিচ্ছে তোশিবা

তোশিবা ল্যাপটপের ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে গলে যাওয়ার ঘটনা ঘটছে। এতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ৪০টি ভিন্ন ভিন্ন মডেলের মোট এক লাখ ল্যাপটপের ব্যাটারি ফেরত নিতে যাচ্ছে কর্তৃপক্ষ।
 
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ২০১১ থেকে ২০১৬ সালে বিক্রি হওয়া তোশিবার ৪০টি ভিন্ন ভিন্ন মডেলের ল্যাপটপের ব্যাটারি অধিক গরম হয়ে গলে যাওয়ার ঘটনা ঘটেছে। ফলে বুধবার ব্যাটারি ফেরত নেয়ার ঘোষণা দিয়েছে ইউএস কনজিউমার প্রডাক্ট সেফটি কমিশন। সূত্র- সিএনএন মানি।
 
ব্যাটারি ফেরত নেয়ার কথা শিকার করেছে তোশিবা কর্তৃপক্ষও। কোন কোন মডেলের ল্যাপটপের ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটেছে, তার একটি তালিকাও নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে জাপানভিত্তিক প্রতিষ্ঠানটি।
 
শুধু তাই নয়, তালিকাভুক্ত ল্যাপটপগুলো আদৌ নিরাপদ কিনা, তা যাচাইয়ের জন্য একটি টুলও সরবরাহ করেছে তোশিবা।
 
তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ছাড়া বিশ্বের অন্য বাজারগুলোয় আক্রান্ত মডেলের ল্যাপটপ সরবরাহ করা হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সংশ্লিষ্টরা।
 
ইউএস কনজিউমার প্রডাক্ট সেফটি কমিশন জানিয়েছে, শুধু যুক্তরাষ্ট্রেই প্রায় ৯১ হাজার ল্যাপটপের ব্যাটারি ইউনিট অধিক উত্তপ্ত হয়ে গলে যাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া যুক্তরাজ্যে আরও ১০ হাজার ল্যাপটপের ক্ষেত্রে এ ধরনের ঘটনা জানা গেছে।