ভোলার চরফ্যাশনে কৃষিব্যাংকের শাখায় নিরাপত্তা প্রহরীর বাধায় ব্যাংক ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে। এসময় ডাকাতদের হামলায় ঝান্টু নামের ঐ প্রহরী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার শশীভূষণ এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ঝান্টু মিয়াকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপক আমির হোসেন ও পুলিশ জানিয়েছে, রাতে একদল ডাকাত অস্ত্র নিয়ে ব্যাংকের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় নিরাপত্তা প্রহরী ঝান্টু ডাকাতদের উপস্থিতি টের পেয়ে তাদের বাধা দেয়। ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ঝান্টুর চিত্কারে এলাকাবাসী ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।