'বিচার বিভাগেও অনিয়ম আছে'

 
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, 'এ দেশের যেখানে রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম, সেখানে বিচার বিভাগ আলাদা কোনো দ্বীপের মতো নয় যে, অনিয়ম থাকবে না। বিচার বিভাগেও কিছু অনিয়ম আছে কিন্তু সেটা ৫-১০ শতাংশের বেশি না। এই প্রক্রিয়া মেনে নিয়ে​ই আমাদের মানুষের জন্য কাজ করে যেতে হবে।'
 
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে আইন কমিশনের সদস্য অধ্যাপক শাহ আলমের লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
 
তিনি বলেন, আমাদের দেশের বেশির ভাগ আইন অচল হয়ে গেছে। এসব আইনের ব্যবহারের কার্যকারিতা অনেক কম। এসব আইনের ব্যাপক সংস্কার করা না হলে বিচার বিভাগ আরও মুখ থুবড়ে পড়বে।
 
তিনি আরও বলেন, এর আগে সংসদে আইনের ওপর ব্যাপক আলোচনা বিতর্ক হতো। কিন্তু এখন কোনো বিতর্ক হয় না, আলোচনা হয় না। ​ফলে আইনসভায় আইনের চর্চা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। এ জন্য এখনকার প্রত্যেকটা আইন ত্রুটিপূর্ণ থেকে যায়। জনগণ ভোগান্তিতে পড়ে।