ট্রাম্পের পররাষ্ট্র নীতি বিষয়ে যথেষ্ট জ্ঞান নেই: ওবামা

 
রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র রাষ্ট্র নীতি বিষয়ক প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
 
শুক্রবার ওয়াশিংটনে আয়োজিত পরমাণু নিরাপত্তা নিয়ে শীর্ষ সম্মেলন শেষে ওবামা ট্রাম্পের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রস্তাব নিয়ে প্রশ্ন তোলেন।
 
পররাষ্ট্র নীতি বিষয়ে ট্রাম্প বলেন, জাপান ও দক্ষিণ কোরিয়া নিজস্ব পরমাণু অস্ত্র তৈরি করছে। তিনি চান, মার্কিন মিত্ররা তাদের প্রতিরক্ষা বিষয়ে আরো মনোযোগী হয়ে এসব অঞ্চল থেকে মার্কিন সৈন্যদের সরিয়ে নেয়ার সুযোগ দিক।
 
এ প্রসঙ্গে ওবামা বলেন, যাদের নিয়ে কথা বলা হচ্ছে তারা কি বলছেন? তারা বলছেন, যিনি এ ধরণের মন্তব্য করেছেন তিনি পররাষ্ট্র নীতি কিংবা পরমাণু নীতি অথবা কোরীয় উপদ্বীপ এমনকি বিশ্ব সম্পর্কেও কিছু জানেন না।
 
ওবামা আরো বলেন, আমি আগেও বলেছি জনগণের নজর এখন মার্কিন নির্বাচনের দিকে। আমরা কি করছি তা বাদবাকি বিশ্বের জন্যে খুবই গুরুত্বপূর্ণ।
 
তিনি আরো বলেন, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমাদের উপস্থিতির মূল ভিত্তি জাপান ও কোরীয় প্রজাতন্ত্রের সাথে মিত্রতা। সুতরাং আপনি বিষয়টি নিয়ে তালগোল পাকিয়ে ফেলতে পারেন না। আর আমরা এমন কাউকে ওভাল অফিসে চাই না যিনি বিষয়গুলোর গুরুত্ব বুঝতে পারেন না। খবর: এএফপি।