‘চলনবিল এলাকার মানুষের দোরগড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দেয়া হবে’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ‘ইকবাল আজাদ মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে চলনবিল এলাকার মানুষের দোরগড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া হবে। মেধাবী ছেলে মেয়েদের জন্য এই মেডিক্যাল কলেজ মাইলফলক। চলনবিল এলাকার সন্তানরা চিকিৎসক হবে, স্বল্পমূল্য সেবা দিবে। এতে করে বেকারত্ব কমবে।’
 
শনিবার দুপুর ১২টায় মেডিক্যাল কলেজের ফলক উন্মোচন শেষে চলনবিল পর্যটন পার্ক সংলগ্ন এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, ‘এরই মধ্যে এ উপজেলায় আউটসোর্সিং এবং ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে দুই হাজার যুবকের বেকারত্ব দূর হয়েছে। উপজেলায় দুটি হেলথ ইনস্টিটিউট, দুটি অনার্স কলেজ প্রতিষ্ঠা লাভ করেছে। কৃষি ডিপ্লোমা হয়েছে। টেক্সটাইল ইনস্টিটিউট প্রতিষ্ঠার কাজ চলছে। চলনবিলের মানুষ আর কারো কাছে হাত পাতে না।’
 
তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার এ এলাকায় ১৪ কিলোমিটার রাস্তা নির্মাণ করেছে। যার মাধ্যমে উন্নয়ন হয়েছে, কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে। আর্থ সামাজিক ব্যবস্থার উন্নয়ন হয়েছে।’
 
ইমপ্যাক্ট সিকিউরিটি ইন্টারন্যাশনাল কানাডা ও এলকে ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং অধ্যক্ষ আবুবক্কর সিদ্দিক রকির পরিচালনায় বিট্রিশ ইনভেস্টমেন্ট গ্রুপের সিইও মিশেল বারী, কনস্যাল্ট্যান্ট ড. এম এন ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
 
এতে প্রতিষ্ঠাতা পরিচালক আবুল কালাম আজাদ স্বাগত বক্তব্য রাখেন। এতে অন্যান্যের মধ্যে গভর্নিং বডির চেয়ারম্যান অ্যাডভোকেট সাইদুর রহমান সৈকত, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ইউসুফ আলী, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান মুন্টু, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা আলী আকবর, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা প্রমুখ উপস্থিত ছিলেন।