কুমিল্লায় সেফটি ট্যাঙ্ক থেকে শিশুর লাশ উদ্ধার

কুমিল্লায় ইব্রাহিম নামে এক শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
নিখোঁজের ৩ দিন পর শনিবার দুপুরে জেলার বরুড়া উপজেলার শাকপুর গ্রামের একটি সেফটি ট্যাঙ্ক থেকে তার লাশ উদ্ধার করা হয়। ইব্রাহিম সৌদি প্রবাসী আবুল কাসেমের পুত্র এবং স্থানীয় শাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।
 
জানা গেছে, গত বৃহস্পতিবার বিকালে শিশু ইব্রাহিম (১০) বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। শনিবার দুপুরের দিকে তার চাচা তাবারক উল্লার সেফটি ট্যাঙ্কের মুখ খোলা দেখে বাড়ির লোকজন  গলায় বৈদ্যুতিক তার পেঁচানো ইব্রাহিমের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
 
বরুড়া থানার ওসি আসাদ শিকদার জানান, ধারণা করা হচ্ছে ওই শিশুকে হত্যার পর লাশ সেফটি ট্যাঙ্কে ফেলে রাখা হয়। বিকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।