বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান অতিথি করায় অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে পুলিশ।
শনিবার নির্ধারিত সময় বিকেল তিনটায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের থ্রি-ডি সেমিনার হলে এ আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও বিকেল আড়াইটার দিকে কয়েকজন পুলিশ কনস্টেবল এসে রুম বন্ধ করে উপস্থিত সবাইকে চলে যেতে বলেন। তাদের গ্রেফতারের হুমকিও দেয়া হয়।
অ্যাবের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন সাংবাদিকদের কাছে এ অভিযোগ করে বলেন, এই মিলনায়তনে অনুষ্ঠান করতে কোনো অনুমতি লাগে না। এর আগেও অনেক অনুষ্ঠান হয়েছে। কিন্তু পুলিশের অনুমতি নিতে হয়নি। তিনি অভিযোগ করেন, পুলিশ বিকেল তিনটার দিকে এসে হল রুম থেকে আমাদের সবাইকে বেরিয়ে যেতে বলে। আমি যোগাযোগ করেছি তেজগাঁও থানার ওসির সঙ্গে। তিনি বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাদ দিয়ে পারলে আলোচনা সভা করেন।
অ্যাব সভাপতি আনোয়ার নূর নবী মজুমদার বাবলা সাংবাদিকদের বলেন, এখানে অনুষ্ঠান করতে পুলিশের কোনো অনুমতি লাগে না। এখানে প্রতিদিনই অনুষ্ঠান হচ্ছে। কখনো পুলিশের অনুমতি নিতে হয় না। অতীতেও এই সেমিনার হলে যেকোনো অনুষ্ঠানে পুলিশের হস্তক্ষেপ ছিল না। কিন্তু আজ বিএনপির মহাসচিবকে প্রধান অতিথি করায় পুলিশ বাধা দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম কাজল বলেন, নগরীতে যেকোনো অনুষ্ঠান করতে ডিএমপির অনুমতি নিতে হয়। তারা নেননি। সাতদিন আগে আবেদন করতে হয়। আমরা সেটি ভেরিফাই করে ডিএমপিতে পাঠাই। কিন্তু তারা কোনো আবেদন করেননি।