ককটেলের আঘাতে মাথা ফাটলেও ককটেল ফাটেনি

শিবপুরের বাঘাব ইউনিয়নের কোন্দাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষের সময় ককটেলের আঘাতে মুক্তার হোসেন নামে এক যুবকের মাথা ফেঁটে গেছে। কিন্তু ককটেল বিস্ফোরিত হয়নি। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে মুক্তার হোসেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৭/৮টি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করে।
 
জানা গেছে, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুজ্জান পরাজিত হয়। শনিবার বেলা ২টার দিকে ইঞ্জিনিয়ার আশরাফুজ্জামানের সমর্থকরা কোন্দারপাড়ায় গিয়ে আওযামী লীগের বিদ্রোহী প্রার্থী বাবলুর সমর্থক মুক্তার হোসেনের দোকানে হামলা চালায়। তারা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনার সময় একটি ককটেল মোক্তার হোসেনের মাথায় লাগলে তার মাথা ফেটে যায়। কিন্তু ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় মুক্তার হোসেন নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। এ অবস্থায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা পাল্টা হামলার প্রস্তুতি নিলে শিবপুর উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং আহত মুক্তার হোসেনকে নিয়ে হাসপাতালে ভর্তি করেন।