বিটিআই ওপেনের শিরোপা জিতলেন সিদ্দিকুর

ঢাকায় বিটিআই ওপেন গলফের শিরোপা জিতেছেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান।চতুর্থ রাউন্ড শেষে সজীব আলিকে প্লে-অফে হারিয়েছেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।
 
সিদ্দিকুর জানান, ‘সামনের এশিয়ান ট্যুরের আসরগুলোয় বিটিআই ওপেনের জয় তার কাজে লাগবে। আজ সজীব চমৎকার গলফ খেলেছে। সজীবের মতো গলফার উঠে আসা বাংলাদেশের গলফের জন্য সহায়ক।‘
 
শনিবার কুর্মিটোলা গলফ কোর্সে চতুর্থ রাউন্ডে দুটি বার্ডি ও একটি বোগি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে ১৫ শট কম খেলেন তিনি।
 
শেষ রাউন্ডে দারুণ চমক দেখান সজীব; পারের চেয়ে ছয় শট কম খেলেন তিনি। সব মিলিয়ে ১৫ শট কম খেলে সিদ্দিকুরের সঙ্গে প্লে-অফের লড়াইয়ে উঠে আসেন সজীব। তবে শেষ পর্যন্ত সিদ্দিকুরের সঙ্গে পেরে ওঠেননি তিনি।
 
তৃতীয় রাউন্ডে সিদ্দিকুরের সঙ্গে যৌথভাবে শীর্ষে থাকা ভারতের সুজ্জন সিং চতুর্থ রাউন্ডে পারের সমান শট খেলেন। সব মিলিয়ে পারের চেয়ে ১৪ শট কম খেলে তৃতীয় স্থানে থেকে এই আসর শেষ করেন তিনি।