নাগার্নো কারাবাখে সংঘর্ষ, বহু হতাহত

ককেশাসের বিরোধপূর্ণ অঞ্চল নাগার্নো কারাবাখে দুই দশকের মধ্যে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। দুই পক্ষের ৩০ সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।
 
আর্মেনিয়া জানিয়েছে, কমপক্ষে ১৮ জন আর্মেনিয়া বংশোদ্ভূত সেনা এই লড়াইয়ে নিহত হয়েছে। আজারবাইজান জানিয়েছে তাদের ১২ জন সেনা নিহত হয়েছে। দুই পক্ষেরই অনেক বেসামরিক নাগরিক মারা গেছে বলে জানা গেছে। আজারবাইজান দাবি করেছে, আর্মেনীয় বংশোদ্ভূত সেনারা প্রথমে বড় কামান ও গ্রেনেড লঞ্চার দিয়ে হামলা করে কৌশলগত দিক দিয়ে দুটি গুরুত্বপূর্ণ পাহাড় ও গ্রামের নিয়ন্ত্রণ নেয়। এদিকে আর্মেনীয় সরকার জানিয়েছে, আর্মেনীয়দের উপর ট্যাংক, আর্টিলারি ও হেলিকপ্টার দিয়ে হামলা করে আজারবাইজান সেনাবাহিনী। 
 
IMG0
 
নাগার্নো কারাবাখ আজারবাইজানের ভেতরে আর্মেনীয় খ্রিস্টান অধ্যুষিত একটি এলাকা। ১৯৮০ সালে দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয় যেটি ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে সম্পূর্ণ যুদ্ধে রূপান্তরিত হয়। ১৯৯৪ সালে অস্ত্রবিরতি স্বাক্ষরের আগ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষ নিহত হয়। এরপর থেকে আজারবাইজানের ভেতরের এই অঞ্চল আর্মেনিয়ার সেনা ও অর্থনৈতিক সমর্থনে পরিচালিত হয়ে আসছে। তবে নিয়মিতই এখানে সংঘর্ষ হয় দুই পক্ষের মধ্যে। 
 
 
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোগু আর্মেনীয় ও আজারবাইজান দুই পক্ষের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন তিনি। উল্লেখ্য, দুই দেশের সঙ্গেই জোরদার অস্ত্র বাণিজ্য রয়েছে রাশিয়ার। বিবিসি।