শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পরীক্ষার সময়সূচি আররো কমিয়ে আনার জন্য কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘ সময় ধরে পরীক্ষা দিতে শিক্ষার্থীদের মধ্যে দুশ্চিন্তা কাজ করে।
রবিবার সকাল সাড়ে ১০টার রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন এসে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, আমরা পাবলিক পরীক্ষা বড় জোর ৫-৬ দিনের মধ্যে নিতে চাই। এটা আমার ব্যক্তিগত মত। সেইসঙ্গে পুরো শিক্ষা পদ্ধতির আমূল সংস্কারের পরিকল্পনাও রয়েছে। তবে তা এখনই নয়। অভিভাবক ও দেশবাসীকে আমরা বিষয়টি বোঝানোর চেষ্টা করছি।
শিক্ষামন্ত্রী বলেন,উচ্চ মাধ্যমিক এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হচ্ছে। যারা প্রশ্নপত্র ফাঁস করতে পারে, তাদের কঠিন নজরদারির মধ্যে রাখা হয়েছে।
এবার আট হাজার ৫৩৩টি প্রতিষ্ঠানের ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন। গত বছর এই পরীক্ষায় অংশ নিয়েছিল ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী।