যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মহাসড়কে একটি বিমান রাস্তায় অবতরণের সময়ে গাড়ির সঙ্গে সংঘর্ষে গাড়ির এক যাত্রী নিহত হয়েছে। ঐ ঘটনায় পাইলট এবং তার যাত্রীসহ আরো পাঁচজন আহত হয়েছে।
কয়েক বছর আগে বিমানটি ঐ একই রাস্তায় নিরাপদেই অবতরণ করেছিল। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাস্তায় আছড়ে পড়ার আগে বিমানটিতে কারিগরি ত্রুটি ছিল বলে মনে হচ্ছিল। ২০০০ সালে ল্যান্সএয়ার ৪ মডেলের একই বিমানটির আগের মালিক ঐ রাস্তায় নিরাপদে অবতরণ করেছিলেন।
কিন্তু এবার বিমানটি রাস্তায় আছড়ে পড়ে এবং পিছলে পার্শ্ববর্তী একটি গাড়িতে আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন গাড়ির পেছনের আসনে বসা ৩৮ বছর বয়সী আনটোনেট ইসবেল। তিনি সান ডিয়েগোর বাসিন্দা। উড়োজাহাজটির পাইলট ৬২ বছর বয়স্ক ডেনিস হজ এবং তার যাত্রীও মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, গত ১০ বছরে অন্তত তিনবার বিভিন্ন উড়োজাহাজ ঐ রাস্তায় জরুরী অবতরণে বাধ্য হয়েছে। বিবিসি।