দুই ডিসপ্লের ফ্লিপ ফোন আনছে জিওনি

স্মার্টফোনের জগতে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে চীনা প্রতিষ্ঠানগুলো। নতুন নতুন স্মার্টফোন ছেড়ে বাজারের অন্য প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে যাচ্ছে তারা। তেমনই এক চীনা প্রতিষ্ঠান জিওনি, স্মার্টফোনের বাজারে নিজেদের একটা অবস্থান গড়ে তুলেছে এই হ্যান্ডসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান।
 
সম্প্রতি একটি ফ্লিপ ফোন উন্মোচন করেছে জিওনি। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এই স্মার্টফোনটির মডেল ডব্লিউ৯০৯। এতে রয়েছে ডুয়েল স্ক্রিন।
 
বর্তমানে চীনের বাজারে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি। শিগগিরই অন্যান্য দেশের বাজারে পাওয়া যাবে ডিভাইসটি। এর দাম রাখা হয়েছে তিন হাজার ৯৯৯ চীনা ইয়েন।
 
জিওনির এই ফ্লিপ ফোনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বাজারে আর কোনো ফ্লিপ ফোনে এই সেন্সর নেই। এতে রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট।
 
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ইউএসবি টাইপ-সি পোর্টের ডব্লিউ৯০৯ স্মার্টফোনটিতে রয়েছে মেটাল বডি। এটি চলবে অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে।
 
ডুয়েল সিমের এই স্মার্টফোনে আছে ৪ দশমিক ২ ইঞ্চির এইচডি (৭২০x১২৮০ পিক্সেলস) রেজ্যুলেশনের আইপিএস ডিসপ্লে। সেই সঙ্গে ডিসপ্লে-তে রয়েছে ২.৫ডি গ্লাস।
 
জিওনি ডব্লিউ৯০৯ স্মার্টফোনে রয়েছে অক্টা-কোর মিডিয়াটেক এমটি৬৭৫৫এম প্রসেসর। এলপিডিপিআর৩ এর ৪ জিবি র‍্যাম দেওয়া হয়েছে স্মার্টফোনটিতে।
 
এতে ইন্টারনাল স্টোরেজ রয়েছে ৬৪ জিবির। তবে ব্যবহারকারীরা ৫২ জিবি স্টোরেজ ব্যবহারের সুযোগ পাবেন। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
 
ছবি তোলার জন্য এতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ফেজ ডিটেকশন অটোফোকাস (পিডিএএফ), এলইডি ফ্ল্যাশ। ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৫ মেগাপিক্সেলের।
 
ফ্লিপ ফোনটিতে কানেক্টিভিটির জন্য রয়েছে ফোরজি এলটিই নেটওয়ার্ক। ব্লুটুথ ভি৪.০, জিপিএস, ওয়াই-ফাই এবং ইউএসবি টাইপ-সি কানেক্টিভিটি।