লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার আলাদাদপুর থেকে অস্ত্রসহ ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় এলজি ও বার রাউন্ড শটগান ও কার্তুজের গুলি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- পূর্ব আলাদাদপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মো. মনির হোসেন (৩২), সাহাব উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (১৯), গিয়াস উদ্দিন মামুনের ছেলে ফাহাদ বিন আব্দুল আজিজ (২০) ও মনোহরপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে জাহিদ হাসান জনি (১৯)।
র্যাবের লে. কমান্ডার মো. গোলজার হোসেন জানান, সদর উপজেলার চন্দ্রগঞ্জের পূর্ব আলাদাদপুরের ডাক্তার বাড়িতে সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র্যাব অভিযান চালিয়ে একটি ঘর থেকে ৪ সন্ত্রাসীকে তিনটি দেশীয় অস্ত্র ও ১২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে।
তাদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অবৈধ অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।