তনু হত্যার বিচার দাবিতে রাবিতে ধর্মঘট পালন

তনু হত্যার বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রগতিশীল ছাত্রজোটের ডাকা ধর্মঘট ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।
 
রবিবার সকালে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাশ-পরীক্ষা বর্জন কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বাস বন্ধ রাখার মধ্য দিয়ে রাবি শাখা প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা ধর্মঘট পালন করেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
 
বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা প্রতিবাদ সমাবেশ করেন। রাবি শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তমাশ্রী দাসের সঞ্চালনায় সমাবেশে শাখার ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, ছাত্র ইউনিয়নের সাংগাঠনিক সম্পাদক মাহমুদুল হাসান আসিফ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক শাকিলা খাতুন, ছাত্র ফেডারেশনের দপ্তর সম্পাদক রাশেদ রিমন, বাংলাদেশ গণশিল্পী সংস্থার ইন্দ্রজিৎ প্রমুখ বক্তব্য দেন।
 
সমাবেশে বক্তারা বলেন,  ‘ছোট থেকেই শিশুদের মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে। উপযুক্ত বিনোদনের ব্যবস্থা না থাকায় শিশুরা পর্নোগ্রাফির দিকে ঝুকে পড়ছে। বড়ো হয়ে সেই শিশু ধর্ষণ করছে।’