তনু হত্যার বিচার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

কুমিল্লা সরকারি ভিক্টোরিয়ার কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
 
রবিবার সকালে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অবিলম্বে তনুর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
 
মানববন্ধনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর রশিদ বলেন, সরকারি ভিক্টোরিয়া কলেজ তথা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সোহাগী জাহান তনুর পৈশাচিক হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত। এর প্রতিবাদে দেশব্যাপী মানুষের শুভবিবেক সোচ্চার হয়েছে। নারী আমাদের মাতা, ভগ্নী, সন্তান, সহধর্মিনী। নারী-পুরুষ নিয়েই সমাজ-সংসার, জীবন ও সভ্যতা। আমরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
 
মানববন্ধনে আইইউটির উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মো. নোমান উর রশীদসহ ডিন, রেজিস্ট্রার, শিক্ষকসহ বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।