রায় ঘোষণার ৬ মাসের মধ্যে লিখিত রায়ে সই

 
ব্যতিক্রমী মামলা ছাড়া যে কোনো মামলায় রায় ঘোষণার ছয় মাসের মধ্যে লিখিত রায়ে বিচারকদের সই করতে হবে বলে মত দিয়েছে সর্বোচ্চ আদালত। অবসরের পর রায় লেখা নিয়ে সাম্প্রতিক তুমুল বিতর্কের মধ্যে পেশাগত অসদাচরণের কারণে হাই কোর্টের অতিরিক্ত বিচারক সৈয়দ শাহিদুর রহমানকে অপসারণের সিদ্ধান্ত বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে এ মত এসেছে।
 
হাই কোর্টের রায়ের বিরুদ্ধে এক আইনজীবীর করা আপিল মঞ্জুর করে গত বছরের ১৬ সেপ্টেম্বর আপিল বিভাগ রায় ঘোষণা করছিল। সম্প্রতি ১০৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে প্রকাশিত হয়েছে। এতে রায়ে বিচারকদের আচরণবিধি বিষয়ে ৪০ দফা উল্লেখ করা হয়েছে।
 
রায়ের শেষাংশে বিচারকদের আচরণ বিধি বিষয়ে ষষ্ঠ দফায় বলা হয়, 'একজন বিচারক আদালতের বিচার কাজ দ্রুত শেষ করবেন; রায় বা আদেশ প্রদানে অথযা বিলম্ব পরিহার করবেন। ব্যতিক্রমী মামলা রায় ছাড়া অন্য যে কোনো মামলায় রায় ঘোষণার ছয় মাসের বেশি নয়, এমন সময়ের মধ্যে সই করবেন।'
 
বিচারকদের রায়ে সই দ্রুত করার তাগিদ দিয়ে গত জানুয়ারিতে প্রধান বিচারপতি এস কে সিনহা অবসরের পর রায় লেখা সংবিধান পরিপন্থি বলে মন্তব্য করেছিলেন। তার ওই মন্তব্য নিয়ে আইন অঙ্গনের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও আলোচনার ঝড় বয়ে যায়। বিডি নিউজ।