কথায় আছে স্কুল পালালেই রবীন্দ্রনাথ হওয়া যায় না। তবে এখন যাদের কথা বলা হচ্ছে এরা স্কুল পালিয়েছিলেন কিনা তার চেয়ে গুরুত্বপূর্ণ এরা সবাই উচ্চশিক্ষা নিতে গিয়ে ড্রপ আউট হয়েছেন। কিন্তু হলে কি হবে, প্রযুক্তিজগৎ থেকে শুরু করে বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম এরা কেউ কেউ। ফলে পড়ালেখা করলেই যে গাড়িঘোড়া চড়া যায় এই কথাটা অন্তত এদের ক্ষেত্রে খাটে না।
মার্ক জাকারবার্গ
বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তার উচ্চ শিক্ষা শেষ করতে পারেননি। হার্ভার্ডে পড়ার সময় ২০০৪ সালে ড্রপআউট হয়ে যান তিনি। ফেসবুকের কাজ এগিয়ে নিতে হার্ভার্ড থেকে সোজা চলে যান সিলিকন ভ্যালিতে।
মুকেশ আম্বানি
মুম্বাই থেকে কেমিকেল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ডে গেলেও সেখান থেকে কোন ডিগ্রি নিতে পারেননি বর্তমান বিশ্বের অন্যতম এই ধনী ব্যক্তি। তার বাবা রিলায়েন্স গ্রুপের প্রতিষ্ঠাতা ধিরুভাই আম্বানি পলিস্টার কারখানা স্থাপনের জন্য লাইসেন্স পাওয়ার পর কাজে সাহায্যের জন্যই ছেলেকে ড্রপ আউট হয়ে যেতে বলেছিলেন।
স্টিভ জবস
অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা স্টিভ জবস ওরেগানে তার কলেজ ফেলে রেখেই চলে গিয়েছিলেন পার্সোনাল কম্পিউটারের জগতে বিপ্লব ঘটাতে। তার দূরদৃষ্টি অ্যাপলকে বিশ্বের অন্যতম সফল কোম্পানিতে পরিণত করেছে।
সফল ড্রপ আউটদের এই তালিকাটি বেশ লম্বা। ওরাকল কর্পোরেশনের প্রতিষ্ঠাতা লরেন্স এলিসন এই দলে রয়েছেন। এছাড়া ডেল কম্পিউটার কোম্পানির মাইকেল ডেল, ফোর্ড মোটর কোম্পানির হেনরি ফোর্ড, ভার্জিন গ্রুপের রিচার্ড বার্নসন, বিলিয়নিয়ার র্যালফ লরেন, মিডিয়া গ্রুপ জি-এর প্রতিষ্ঠাতা সুভাস চন্দ্র এই তালিকার উল্লেখযোগ্য নাম।