গ্যাসের রাইজার থেকে অগ্নিকাণ্ড, বাড়ি পুড়ে ছাই

গাজীপুরের কালীগঞ্জে গ্যাসের রাইজারে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার দিবাগত রাতে পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামে মো. রমজান আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টা খানেক সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রেণে আনে কালীগঞ্জ ফারার সার্ভিসের একটি ইউনিট।
 
কালীগঞ্জ ফারার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুস সাত্তার জানান, রাতে বজ্রপাতে ওই গ্রামের রমজান আলীর বাড়ির একটি নারিকেল গাছ বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় পাশে থাকা তিতাস গ্যাসের একটি রাইজারে আগুন লাগে। আগুন মুহূর্তেই পাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ৩/৪ লাখ বলে প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন।
 
ক্ষতিগ্রস্ত ও স্থানীয়দের অভিযোগ, গ্যাসের রাইজারে আগুন লাগার পর তিতাস গ্যাসের স্থানীয় সাব-স্টেশনে ফোন দিয়েও তাদের পাওয়া যায়নি এবং তাদের অফিসে একাধীকবার গিয়ে দেখা গেছে অফিস তালাবদ্ধ। পরে জেলার টঙ্গীর জোনাল অফিসে ফোন দিয়ে ওই এলাকার গ্যাসের লাইন বন্ধ করা হয়। তারা আরো জানান, তিতাস গ্যাসের কালীগঞ্জ সাব-স্টেশনে ২৪ ঘণ্টা খোলা বা দায়িত্বপ্রাপ্ত কেউ থাকলে উপজেলার বিভিন্ন এলাকায় গ্যাসের অগ্নিকাণ্ড থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হবে।