গোপালগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোর রাতে কাশিয়ানী উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের বেলতলা ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় অফিসের সামনে টাঙ্গানো একটি নৌকা প্রতীক, সাইনবোর্ড ও অফিসের সাজসজ্জা পুড়ে যায়।
২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. পান্নু সিকদার জানান, রবিবার সন্ধ্যায় এই অফিসে আমরা কর্মীসভা করেছি, সোমবার ভোরে অফিসে এসে দেখি কে বা কারা রাতের আঁধারে অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
তিনি আরো জানান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর লোকজন অফিসটিতে আগুন দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি এখন ঢাকায় অবস্থান করছি, তবে ফোনে অগ্নিসংযোগের কথা শুনেছি।
কাশিয়ানী থানার ওসি মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, উপজেলার বেলতলা এলাকায় আওয়ামী লীগের অস্থায়ী অফিসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কারা আগুন দিয়েছে তা জানা যায়নি। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও আটক করা সম্ভব হয়নি।