ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দপুর দুর্গাপুর ইউনিয়নের সতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলিনুর রহমানের বাড়িতে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা।
রবিবার মধ্যরাতে কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্ট্যান্ড এলাকার বাসায় পর পর দুইটি বোমা ছুড়ে মারা হয়। খবর পেয়ে সোমবার সকালে কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল এসে বোমার খোসা নিয়ে যায়।
চেয়ারম্যান প্রার্থী আলিনুর রহমার জানান, আগামী ২৩ এপ্রিল কালীগঞ্জে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে সতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। নির্বাচনে তিনজন সতন্ত্র প্রার্থীসহ বিএনপি ও আওয়ামী লীগের মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনি অভিযোগ করেন, মনোনয়নপত্র জমা দেয়ার পর থেকেই তাকে বসিয়ে দেয়ার জন্য একটি মহল হুমকি ধামকি দিচ্ছে। সর্বশেষ ১৮ মার্চ ‘টুকরো টুকরো করা হবে’ হুমকি দিয়ে দুর্বৃত্তরা তার বাড়িতে একটি চিরকুট পাঠায়। বিষয়গুলো পুলিশ ও নির্বাচন কমিশনকে জানিয়ে আসছি। কিন্তু কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। এ অবস্থায় রবিবার রাত ১২টার দিকে শহরের নিমতলা বাসস্ট্যান্ড পাড়ার বাড়িতে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা।
তিনি মনে করেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণেই তার বাড়িতে বোমা হামলা চালানো হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে বাড়ির প্রাচীরে বোমা হামলার চিহ্ন রয়েছে। তাছাড়া প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে পুলিশ বোমার খোসাও নিয়ে গেছে।
ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি সতন্ত্র প্রার্থীর কাছ থেকে খবরটি জেনে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি। পাশাপাশি এ ঘটনায় মামলা করার জন্য প্রার্থীকে আমি পরামর্শ দিয়েছি।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে একজন পুলিশ অফিসার পাঠিয়েছিলাম। কিন্তু বোমা হামলার কোন আলামত পাওয়া যায় নি।