অর্থ পাচারে জড়িত’ পুতিনের সহযোগীরা

পানামার একটি ল’ ফার্মের ফাঁস হয়ে যাওয়া গোপন নথিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী একটি সন্দেহজনক অর্থ পাচারকারী চক্রের সঙ্গে জড়িত বলে প্রকাশ পাচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব নথিতে বিলিয়ন ডলার পাচারের একটি চক্রের সন্ধান মিলেছে, যা পরিচালিত হয় রুশ মালিকানাধীন ব্যাংক রোশিয়ার মাধ্যমে।
 
রাশিয়া ক্রিমিয়াকে নিজেদের অংশ করে নেওয়ার পর ব্যাংক রোশিয়া নামের ওই ব্যাংকের উপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। বিদেশি কোম্পনিগুলোর মাধ্যমে ব্যাংকটি কীভাবে অর্থ পাচার করে আসছিল তা ফাঁস হওয়া নথির মাধ্যমেই প্রথম জানা যাচ্ছে। 
 
তাতে দেখা যায় সোনেত্তি ওভারসিস, ইন্টারন্যাশনাল মিডিয়া ওভারসিস, সানবার্ন এবং স্যান্ডালউড কন্টিনেন্টাল ভুয়া শেয়ার হস্তান্তর, মিথ্যা পরামর্শক চুক্তি, অবাণিজ্যিক ঋণ এবং অবমূল্যায়িত সম্পত্তি কেনার মাধ্যমে কীভাবে লাভবান হয়েছে। নথিতে দেখা যায়, রুশ প্রেসিডেন্টের অন্যতম ঘনিষ্ঠ এক বন্ধু সের্গেই রোলদুগিন ইন্টারন্যাশনাল মিডিয়া ওভারসিস এবং সোনেত্তি ওভারসিস -এর মালিক।
 
ফাঁস হওয়া নথিগুলো দেখিয়েছে পানামা-ভিত্তিক ল’ ফার্ম মোস্যাক ফনসেকা কীভাবে তাদের মক্কেলদের অর্থ পাচারে সহযোগিতা করেছে, নিষেধাজ্ঞা এড়ানোর এবং কর ফাঁকি দেওয়ার পথ দেখিয়েছে। মোস্যাক ফনসেকা অবশ্য বলছে, চার দশকে তাদের কাজ নিয়ে কোনো অবৈধ পন্থা অবলম্বনের অভিযোগ ওঠেনি, কোনো ফৌজদারি মামলার মুখেও তাদের পড়তে হয়নি।
 
সংগীত বাদন দলের চেলো বাদক রোলদুগিন কিশোর বয়স থেকেই পুতিনের পরিচিত, প্রেসিডেন্ট পুতিনের কন্যা মারিয়ার ধর্মপিতাও তিনি। নথি অনুযায়ী সন্দেহের আবর্তে ভরা ওই চুক্তিগুলো থেকে রোলদুগিন ব্যক্তিগতভাবে কোটি কোটি ডলার লাভ করেছেন।  
 
চেলো বাদক রোলদুগিন এর আগে সাংবাদিকদের কাছে তিনি ব্যবসায়ী নন বলে দাবি করেছিলেন। বিদেশি কোম্পানির সঙ্গে জটিল ওই চুক্তিগুলোর সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি  সন্দেহ এমন বাড়িয়ে তুলছে যে, তিনি হয়তো শুধুমাত্র অন্য কারো প্রতিনিধিত্ব করছেন।  ইন্টারন্যাশনাল মিডিয়া ওভারসিস তিনটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় রোলদুগিনের সঙ্গে রুশ প্রেসিডেন্টের সম্পর্কের বিষয়টিও গোপন করে।
 
প্রতিটি একাউন্টের আবেদনপত্রে জিজ্ঞেস করা হয়েছিল রোলদুগিনের সঙ্গে রাজনৈতিকভাবে প্রভাবশালী কারো কোনো সম্পর্ক আছে কিনা? উত্তরে সে ধরনের কারো সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে বলা হয়েছে- যা নিশ্চিতভাবেই সত্য নয়। বিবিসি।