সরকার বাইস্কোপ দেখানোর চেষ্টা করছে : আব্দুল্লাহ আল নোমান

 
ভোটার বিহীন সরকার আমাদের বাইস্কোপ দেখানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। সোমবার দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে ক্ষমতার ভারসাম্য, সাংবিধান সংস্কার ও গণতন্ত্র পৃনরুদ্ধারে দেশপ্রেমিক শক্তির বৃহত্তর ঐক্য শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
 
এ সময় তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে প্রহসনে পরিনত করেছে। জনগণ যাতে আগ্রহী হয়ে ভোট কেন্দ্রে না যায় এবং ভোট প্রদান না করে সেজন্য ইউপি নির্বাচনে সরকার রক্তের হলিখেলা তৈরি করছে।
 
তিনি বলেন, ২০ দল ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া স্বায়ত্তশাষিত নির্বাচনে অংশ নিলেও শেখ হাসিনার অধীনে ২০ দল জাতীয় নির্বাচনে অংশ নেবে না।  স্বায়ত্তশাষিত নির্বাচনে গিয়ে আমরা জনগণকে দেখাতে সক্ষম হয়েছি হাসিনার অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হতে পারে না।
 
নোমান বলেন, নির্বাচন কমিশন সরকারের ডানা (হাত)। তাদের এ হাত পচেঁ গেছে। এটা আমরা জনগণের সামনে প্রমান করতে পারা আমাদের বড় সাফল্য। আমরা বিজয় অর্জন করবো। আমাদের আন্দোলন চলছে; এবং চলবে। লুটরাজ সরকারকে প্রতিহত করবো। এ আন্দোলনে জনগণ যখন আরো সম্পৃক্ত হবে তখন সরকার টিকবে না।
 
বাংলাদেশ জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ডেমোক্রিটিক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ।