ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ভর্তি জালিয়াতি ও শৃঙ্খলা ভঙ্গের অপরাধে এক ছাত্রকে স্থায়ী বহিষ্কার ও দুইজনকে সর্তক নোটিশ দেয়া হয়েছে। সোমবার ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্রশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেন, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে অভিযুক্ত হওয়ায় ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষের গণিত বিভাগের ছাত্র রিপন আলীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের একজন কর্মচারীকে মরধর করার অপরাধে বাংলা বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র সাজ্জাদ হোসেন ও ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শাহজাহান কবির সোহেলকে সর্তক নোটিশ দেয়া হয়েছে।
বিষয়টি তদন্ত করার জন্য ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. কামাল উদ্দিনকে আহবায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটিতে বায়েটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমানকে সদস্য ও উপ-রেজিস্ট্রার নুরুল ইসলমকে সদস্য সচিব করা হয়েছিল। সোমবার ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের কাছে তদন্ত প্রতিবেদনটি জমা দেয়া হয়। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের কে এ শাস্তির ব্যবস্থা করা হয়েছে।