‘দুর্নীতিকে সহনীয় মাত্রায় রাখলে জিডিপি দ্বিগুণ বেড়ে যাবে’

খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ বলেছেন, দুর্নীতি সহনীয় মাত্রায় রাখতে পারলে জিডিপি দ্বিগুণ বেড়ে যাবে। এছাড়া সর্বত্র ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়ন দুর্নীতির প্রবণতা কমিয়ে আনতে ভূমিকা রাখবে। 
 
সোমবার ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সমাজিক আন্দোলন, সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
বিভাগীয় কমিশনার বলেন, সরকারিভাবে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে ইতিমধ্যে উদ্যোগ শুরু হয়েছে।  এর ফলে প্রতিটি দপ্তরে কাজের গতিশীলতা আনাসহ নৈতিকতা চর্চার মাধ্যমে সুশাসন নিশ্চিত করা সম্ভব হবে। বর্তমানে সরকারি কর্মকর্তারা নতুন নতুন আইডিয়ার মাধ্যমে নাগরিক সেবা সহজীকরণে বিশেষ ভূমিকা রাখছেন। 
 
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন শিক্ষাবিদ ও ভাষাসৈনিক বেগম মাজেদা আলী। এতে সভাপতিত্ব করেন সনাক খুলনার সভাপতি শেখ আবদুল কাইয়ুম।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনাক খুলনার সদস্য অধ্যাপক আনোয়ারুল কাদির ।