ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মী হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মী আকরাম হোসেন সরকার শুভ হত্যার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে ছাত্রলীগ কর্মীরা।
 
সোমবার দুপুরে শহরের সদর হাসপাতাল সড়কে এ সব কর্মসূচি পালিত হয়। সর্বস্তরের জনগণের ব্যানারে শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী শহরের কাজিপাড়ার জেলা ঈদগাহ মাঠ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করে। এ সময় নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগ সহসভাপতি জিয়াউল আমিন জুয়েল, শহর ছাত্রলীগ আহ্বায়ক মিকাইল হোসেন হিমেল, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক রাব্বী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম রবিন, ছাত্রলীগ নেতা রাশেদ খান, হৃদয় ইসলাম সাগর, জসীম আহমেদ। এক পর্যায়ে মানববন্ধনকারীরা জেলা সদর হাসপাতালে রোডে বসে পড়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় রাস্তার দু’পাশে যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সদর থানা পুলিশ এসে আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন।