রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি থেকে তরবারি চুরির ঘটনায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সোমবার বিকেলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রশাসনিক বিভাগের প্রধান উপ-পরিচালক গাজী ওয়াসিউল হকের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত দলটি কুমারখালী উপজেলার কুঠিবাড়ি ঘুরে দেখেন।
গত বুধবার বিকেল থেকে পরের দিন বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে শিলাইদহ কুঠিবাড়ির দ্বিতীয় তলার ২০১ নম্বর কক্ষের এক আলমারি থেকে দুটি তরবারি চুরি যায়। সেখানে পাঁচটি তরবারি ছিল।
গাজী ওয়াসিউল হক সাংবাদকিদের জানান, আগামী ৩ থেকে ৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।
নিরাপত্তা কর্মীদের উপস্থিতিতে সুরক্ষিত এলাকা থেকে কীভাবে তরবারি চুরি হলো এবং ক্লোজসার্কিট ক্যামেরা কেন বন্ধ ছিল সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যেকোনো মূল্যে খোয়া যাওয়া তরবারি উদ্ধার করা হবে।
কুঠিবাড়ির কাস্টোডিয়ান মখলেচুর রহমানের করা জিডির কথা উল্লেখ করে কুমারখালী থানার ওসি জিয়াউর রহমান বলেন, ‘এখন মামলা না হওয়ায় তরবারি উদ্ধারে কাউকে আটক বা জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।