ইরাকজুড়ে সিরিজ বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। হামলায় আরো বহু মানুষ আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, প্রায় ১০ জন আত্মঘাতী হামলাকারী হামলাগুলো পরিচালনা করেন।
নিহতদের বেশিরভাগই ইরাকের নিরাপত্তা বাহিনী ও শিয়া মিলিশিয়া সদস্য। ইসলামিক স্টেটের (আইএস) দাবি, এর কয়েকটি হামলা তারা চালিয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যেসব যায়গায় হামলা হয়েছে তার মধ্যে, উত্তর বাগদাদের একটি সেনা চেক পয়েন্ট ও নাসিরিয়ার একটি রেস্টুরেন্ট রয়েছে।
গত শনিবার ইরাকের সেনাবাহিনী জানায়, গত দেড় বছর আইএসের দখলে থাকা পশ্চিমাঞ্চলীয় হিত শহরের একাংশ দখলমুক্ত করতে সক্ষম হয়েছে তারা। শহরটি রাজধানী বাগদাদ হতে ১৪০ কিলোমিটার দূরে অবস্থিত।
গত কয়েক মাসে, শিয়া মিলিশিয়া ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সহায়তায় ইরাকের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকাকে দখলমুক্ত করেছে ইরাকি বাহিনী। সূত্র: বিবিসি