ময়মনসিংহের ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার প্রতিবাদে এইচইসি পরীক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। পরে কলেজের অধ্যক্ষসহ ৪জনকে পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
রবিবার ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে বাংলা প্রথমপত্র পরীক্ষায় ২০১৬ সনের সিলেবাসের ৪৬ জন পরীক্ষার্থীকে ২০১৫ সনের সিলেবাসের প্রশ্নপত্র সরবরাহ করে পরীক্ষা নেয়া হয়। পরীক্ষার শেষে পরীক্ষার্থীরা বিষয়টি বুঝতে পারায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা দেয়। এ সময় তারা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে এর প্রতিবাদ জানায়। পরে উত্তেজনা দেখা দিলে পুলিশ ও কেন্দ্র সচিব পরীক্ষার্থীদের অসুবিধা না হওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব রওশন আরা বেগম স্থানীয় সাংবাদিকদের জানান, আমাদের ভুলের জন্য এ ঘটনা ঘটেছে। উত্তরপত্রগুলো আলাদা পাঠিয়েছেন তিনি। এতে পরীক্ষার্থীদের কোন অসুবিধা হবে না। কর্তব্যে অবহেলা ও অনিয়মের কারণে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ রওশন আরা বেগম, হল পরিদর্শকের দায়িত্বে থাকা কলেজের পৌরনীতি বিষয়ের প্রভাষক মোস্তাফিজার রুস্তি, ইসলামিক স্টাডিজ বিষয়ের প্রভাষক গোলাম কিবরিয়া ও হোসেনপুর কলেজের সাচিবিক বিদ্যা বিষয়ের প্রভাষক উসমান গনিকে অব্যাহতি দেয়া হয়।