নোয়াখালীর সদর উপজেলায় ডাকাতের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে এক শিশু ও দুই নারীসহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ ১০ মাসের শিশু ইয়াছমিন আক্তার, জেসমিন আক্তার (১৭), ফাতেমা আক্তার (২৫), আমির হোসেন (২০) ও ফারুক হোসেনকে (৫০) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে আমির হোসেন ও ফারুক হোসেনের অবস্থা আশংকাজনক।
আহতদের স্বজনরা জানায়, ১৫-২০ জনের একটি ডাকাতদল রাত দেড়টার দিকে সাইফুল ইসলামের বাড়িতে প্রবেশ করে বাড়ির লোকজনকে কুপিয়ে ও গুলি করে আহত করে এবং ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। পরে বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপতালে ভর্তি করায়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও ফরিদ উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালে একটি শিশু ও দুই নারীসহ পাঁচজন ভর্তি রয়েছে। গুরুতর আহত আমির হোসেন ও ফারুক হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’