গ্যাটকো দুর্নীতি মামলায় জামিন পেলেন খালেদা জিয়া

 
গ্যাটকো দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার সকালে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক আবু আহমেদ জমাদার এক লাখ টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
 
এর আগে যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় আত্মসমর্পণ করে খালেদা জামিন পান।  এরপর একই ভবনের ছয় তলায় বিশেষ জজ আদালতে গ্যাটকো মামলায় আত্মসমর্পণ করতে যান।
 
২০০৭ সালের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা দায়ের করেন দুদকের উপ পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।
 
মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন।
 
এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার রিট আবেদনে সাত বছর আগে স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। সে সময় জারি করা রুল খারিজ করে গতবছর ৫ অগাস্ট রায় দেয় বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের বেঞ্চ। মামলার স্থগিতাদেশ তুলে নেয়ার পাশাপাশি খালেদা জিয়াকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয় ওই রায়ে।
 
গত ১৫ ফেব্রুয়ারি হাই কোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে দুই মাসের মধ্যে খালেদার নিম্ন আদালতে আত্মসমর্পণের বাধ্যবাধকতা তৈরি হয়। এরপর জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার বিএনপি চেয়ারপারসনকে ১৩ এপ্রিল আদালতে হাজির হতে নির্দেশ দেন।