হবিগঞ্জ সদর উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে চার শিশুকে অপহরণের পর হত্যা করে মাটিচাপা দেয়ার ঘটনায় স্থানীয় পঞ্চায়েত প্রধান আব্দুল আলী বাগলসহ নয়জনের বিরুদ্ধে চার্জসিট দিয়েছে পুলিশ।
মঙ্গলবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলমের আদালতে এ চার্জসিট প্রদান করা হয়। মামলাটি তদন্ত করেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোক্তাদির হোসেন রিপন।
এরই মধ্যে আসামি আব্দুল আলী বাগল ছাড়াও তার দুই ছেলে জুয়েল মিয়া ও রুবেল মিয়াসহ সাতজনকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন মামলার অন্যতম প্রধান আসামি বাচ্চু।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি বিকালে মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় সুন্দ্রাটিকি গ্রামের আবদাল মিয়া তালুকদারের ছেলে মনির মিয়া (৭), ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) এবং আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)। পাঁচদিন পর ইছাবিল থেকে তাদের বালিচাপা লাশ উদ্ধার হলে দেশজুড়ে আলোচনা সৃষ্টি হয়।