বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে আরও ৯৭ লাখ ২৬ হাজার ডলার ফেরত দেয়া হবে বলে জানিয়েছেন চীনা ব্যবসায়ী কিম অং। বাংলাদেশি টাকায় যার মূল্য ৭৬ কোটি টাকা।
মঙ্গলবার ফিলিপাইনের সিনেট ব্লু রিবন কমিটির চতুর্থ শুনানিতে তিনি বলেন, এ অর্থ ১৫ থেকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশ সরকারকে ফেরত দেবেন তিনি।
শুনানির সময় কমিটির চেয়ারম্যান তিওফিস্তো গিংগোনা (তৃতীয়) সগোনা অং এর কাছে জানতে চান, ‘আপনি কি প্রকাশ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন পেসো(ফিলিপাইন মুদ্রা) ফেরত দেবেন?’ জবাবে অং বলেন, ‘হ্যাঁ, মুচলেকা দেব, কারণ বন্ধুদের কাছ থেকে আমাকে ধার করতে হবে। আর স্টক থেকে কিছু পাব। ১৫ দিনের মধ্যে নগদে এ অর্থ পরিশোধ করে দেব।’
পরে তিনি সময়টা সংশোধন করে ১৫ থেকে ৩০ দিনের কথা বলেন। এর আগেও কিম অং এর মালিকানাধীন ক্যাসিনো ইস্টার্ন হাওয়াই লেইজার কোম্পানির নামে এই ৮ লাখ ৩০ হাজার ডলার ফেরত দেয়া হয়। তার আইনজীবী ভিক্টর ফার্নান্দেজের মাধ্যমে গতকাল সোমবার ওয়ং ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের (এএমএলসি) কাছে এই অর্থ ফেরত দেন।